রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মা নদীতে দুইজন জেলের জালে ২৮ কেজি ৫০০ গ্রাম ও ১৮ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া রেজাউল মন্ডল ও আনু খা’র মৎস্য আড়ত থেকে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল আকৃতির দুইটি কাতল মাছ কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে নদীতে ইঞ্জিন চালিত ট্রলারে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে একটি করে বড় দুটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি বিক্রির জন্য সকালে মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের কাতলটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কেজির কাতলটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি আরও জানান, মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করা হচ্ছে। সামান্য কিছু লাভ পেলেই বিক্রি করে দিবো।